ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় কার্যক্রম আরও সুসংগঠিত ও…
তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, যিনি পরিচালক (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পালন করবেন।
মেজর (অব.) মইনুল হোসেনকে পরিচালক (প্রটোকল) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া পরিচালক (সমন্বয়) হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের চলাচল, ব্যক্তিগত নিরাপত্তা, আনুষ্ঠানিক কর্মসূচির প্রটোকল এবং সার্বিক সমন্বয় কার্যক্রম আরও শক্তিশালী করতে অভিজ্ঞ সাবেক সামরিক কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। নতুন নিয়োগের মাধ্যমে তারেক রহমানের নিরাপত্তা কাঠামো আরও বিস্তৃত ও সুসংহত হলো বলে মনে করছেন দলটির নেতারা।
বিএনপি নেতারা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই লক্ষ্যেই ধাপে ধাপে নিরাপত্তা টিম পুনর্গঠন ও শক্তিশালী করা হচ্ছে।

