রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তে ‘নিঃশর্ত’ সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক…
পুতিনের সব সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তে ‘নিঃশর্ত’ সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে কিম জং উন এই অবস্থানের কথা জানান। চিঠিতে তিনি বলেন, রাশিয়ার সব নীতি ও সিদ্ধান্তকে তিনি নিঃশর্তভাবে সম্মান করেন এবং পূর্ণ সমর্থন দিয়ে যাবেন।
কিম জং উন চিঠিতে উল্লেখ করেন, “আমি আপনার সব নীতি ও সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সমর্থন করি। আপনার ও রাশিয়ার স্বার্থে সব সময় আপনার পাশে থাকার দৃঢ় ইচ্ছা আমার রয়েছে। এই অবস্থান স্থায়ী ও অপরিবর্তনীয়।” তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তিনি অত্যন্ত মূল্যবান এবং গর্বের বিষয় হিসেবে দেখেন।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্টের পাঠানো এক অভিনন্দন বার্তার জবাবে বৃহস্পতিবার এই চিঠি পাঠান কিম জং উন। তবে পুতিন কোন উপলক্ষে অভিনন্দন বার্তাটি পাঠিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা সদস্য পাঠিয়েছে
এছাড়া গত বছর উত্তর কোরিয়া প্রায় এক হাজার সামরিক প্রকৌশলীকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে পাঠায়। ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে পাতা মাইন অপসারণসহ বিভিন্ন প্রকৌশল সহায়তা দিতে তাদের সেখানে মোতায়েন করা হয়েছিল বলে জানা যায়।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য উত্তর কোরিয়া আনুমানিক ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা যুদ্ধে নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে, যদিও এ বিষয়ে পিয়ংইয়ং বা মস্কো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
উল্লেখ্য, ২০২৪ সালে উত্তর কোরিয়া ও রাশিয়া একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় তৃতীয় কোনো পক্ষের আক্রমণের শিকার হলে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে দুই দেশ।

