বাংলার জনকণ্ঠ ডিজিটাল ডেস্ক ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা গত বছরের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকছে ২৮ দিন। তবে এর…
২০২৬ সালে সরকারি চাকরিজীবীরা মোট ২৮ দিন সরকারি ছুটি পাবেন।
বাংলার জনকণ্ঠ ডিজিটাল ডেস্ক
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা গত বছরের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকছে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) হওয়ায় সরকারি চাকরিজীবীরা কার্যদিবসে প্রকৃত ছুটি পাবেন মোট ১৯ দিন।
ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মুসলিম কর্মীরা বছরে ৫ দিন, হিন্দু কর্মীরা ৯ দিন, খ্রিষ্টান কর্মীরা ৮ দিন, বৌদ্ধ কর্মীরা ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মীরা ২ দিন করে ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ পাবেন। তবে একজন কর্মকর্তা বছরে সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ ছুটি ভোগের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। পাশাপাশি সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যুক্ত করার সুযোগও থাকবে।
সরকার জানিয়েছে, ২০২৬ সালে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে নির্ধারিত এই ছুটির তালিকা কার্যকর থাকবে। তবে যেসব প্রতিষ্ঠানের ছুটি ও দাপ্তরিক সময়সূচি নিজস্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত অথবা যেগুলো জরুরি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ঘোষিত, সেসব প্রতিষ্ঠান প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধি অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।
কর্মব্যস্ত জীবনে লম্বা ছুটি বরাবরই স্বস্তির। ২০২৬ সালেও কিছু মাসে এক বা দুই দিনের সমন্বিত ছুটি নিলে মিলতে পারে টানা ছুটির সুযোগ। চলুন, মাসওয়ারি সম্ভাব্য টানা ছুটির ধারাবাহিকতা এক নজরে দেখে নেওয়া যাক—
ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাসে টানা ছুটির সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি শবে বরাতের ছুটি বুধবার পড়তে পারে। এ ক্ষেত্রে ৫ ফেব্রুয়ারি এক দিন ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট ৪ দিনের দীর্ঘ অবকাশ পাওয়া যাবে।
মার্চ
মার্চ মাসে তুলনামূলকভাবে বেশি টানা ছুটির সম্ভাবনা রয়েছে। মাত্র এক দিন ছুটি নিলেই মিলতে পারে টানা ৭ দিনের অবকাশ। ২০ মার্চ জুমাতুল বিদা এবং ২১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি থাকায় মোট ৫ দিনের ছুটি মিলবে।
এ ছাড়া ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকতে পারে। সে ক্ষেত্রে ১৮ মার্চ এক দিন ছুটি নিলে টানা ৭ দিনের ছুটির সুযোগ তৈরি হবে। অন্যদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার পড়লে আগের বা পরের দিনে এক দিন ছুটি নিয়ে টানা ৩ থেকে ৪ দিনের বিশ্রাম নেওয়া সম্ভব হবে।
এপ্রিল
এপ্রিল মাসে টানা ছুটির সুযোগ রয়েছে। ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি পড়েছে। এরপর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সরকারি ছুটি। এ অবস্থায় মাঝের ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটি ও নববর্ষের ছুটির সঙ্গে মিলিয়ে টানা ৫ দিনের বিরতি উপভোগ করা যাবে।
মে
মে মাসে মিলতে পারে বিরল এক দীর্ঘ ছুটির সুযোগ। ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি নিলে টানা ১০ দিনের অবকাশ পাওয়া সম্ভব। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি থাকায়, ২২ ও ২৩ মে’র সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট ১০ দিনের দীর্ঘ ছুটি গড়ে উঠবে।
আগস্ট
আগস্ট মাসে একাধিক দফায় টানা ছুটির সুযোগ রয়েছে। ৫ আগস্ট গণ–অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি নির্ধারিত। এ ক্ষেত্রে ৬ আগস্ট এক দিন ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ৪ দিনের অবকাশ পাওয়া যাবে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হতে পারে। সে ক্ষেত্রে ২৭ আগস্ট ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে আরও এক দফা টানা ৪ দিনের ছুটি মিলবে।
অক্টোবর
অক্টোবর মাসেও টানা ছুটির সম্ভাবনা রয়েছে। ২০ অক্টোবর দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি থাকবে। এ অবস্থায় ২২ অক্টোবর এক দিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধের সঙ্গে মিলিয়ে মোট ৫ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করা যাবে।
ডিসেম্বর
ডিসেম্বর মাসেও টানা ছুটির সুযোগ রয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বুধবার পড়েছে। এ ক্ষেত্রে ১৭ ডিসেম্বর এক দিন ছুটি নিলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার–শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট ৪ দিনের অবকাশ পাওয়া যাবে।
বাংলার জনকণ্ঠ ডিজিটাল ডেস্ক

