দেশের মানুষের সেবা করাই এখন জীবনের একমাত্র লক্ষ্য—এমন আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাকে নতুন জীবন দান করেছেন। তার ভাষায়, এই জীবন আর ব্যক্তিগত নয়, এটি দেশের মানুষের জন্য উৎসর্গিত।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত…
মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন: সালাহউদ্দিন আহমদ
দেশের মানুষের সেবা করাই এখন জীবনের একমাত্র লক্ষ্য—এমন আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাকে নতুন জীবন দান করেছেন। তার ভাষায়, এই জীবন আর ব্যক্তিগত নয়, এটি দেশের মানুষের জন্য উৎসর্গিত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাটি আবেগঘন পরিবেশে পরিণত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার বেঁচে থাকার কথা ছিল না। আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে। কিন্তু আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত আমি দেশের মানুষের সেবায় ব্যয় করতে চাই। আমার জন্ম হয়েছে এই দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।”
তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য অনেক তরুণ রক্ত দিয়ে শহীদ হয়েছেন। সেই ত্যাগ বৃথা যেতে পারে না। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না, গণতন্ত্রের জন্য কেউ শহীদ হবে না।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, বিএনপির ইতিহাস মানেই দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস এবং বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের ইতিহাস। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না।”
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে। কারণ বিএনপির সরকার মানেই জনগণের সরকার।”
জনসভাটি চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্টদের ধারণা, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই এটিকে নির্বাচনি প্রচারণার একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী জনসমাবেশ হিসেবে উল্লেখ করেন।

