ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ—এমন সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে তারা। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ…
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে নয়, আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান
ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ—এমন সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে তারা।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের আন্তর্জাতিক মানের সব ভেন্যু সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই আয়োজন সম্পন্ন করা সম্ভব বলে দাবি করেছে পিসিবি। শ্রীলঙ্কায় ভেন্যু সংকট দেখা দিলে বিকল্প আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে বিবেচনায় নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই ঘটনার সূত্রপাত ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কেকেআর, আইপিএল কর্তৃপক্ষ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। বিষয়টি বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং ধীরে ধীরে তা দুই দেশের ক্রিকেট সম্পর্ক ছাড়িয়ে কূটনৈতিক পর্যায়েও প্রভাব ফেলতে শুরু করে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বিসিবি আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে প্রস্তুত নয় বাংলাদেশ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আইসিসির চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বিসিসিআই কর্তাদের বৈঠকের কথা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকের চূড়ান্ত ফল জানা যায়নি।
এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। পিসিবির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে তারা একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে। বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজনের মাধ্যমে তারা আইসিসির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
পিসিবির এক সূত্র জানিয়েছে, আইসিসি চাইলে খুব সহজেই বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করা সম্ভব। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি, তবে বিসিবির ভারতে বিশ্বকাপ না খেলার অবস্থানকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমর্থন করছে বলে জানা গেছে।
বর্তমান সূচি অনুযায়ী, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে। তবে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং পাকিস্তানের আগ্রহের কারণে বিশ্বকাপের ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

