ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত সরকার। পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে এ নির্দেশনা দেয়।দূতাবাসের জারি করা সতর্কবার্তায় বলা হয়, শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী, পর্যটকসহ ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের…
ইরানে অস্থিরতা: দ্রুত দেশ ছাড়তে ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশনা
ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত সরকার। পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে এ নির্দেশনা দেয়।
দূতাবাসের জারি করা সতর্কবার্তায় বলা হয়, শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী, পর্যটকসহ ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের পরিবহণব্যবস্থা—বিশেষ করে বাণিজ্যিক ফ্লাইট—ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশটি ছাড়তে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ভ্রমণ এড়িয়ে চলতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই নির্দেশনা চলতি মাসে জারি করা আগের সতর্কবার্তাগুলোরই ধারাবাহিক অংশ। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দ্রুত অবনতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরামর্শে আরও বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিক্ষোভ ও সহিংসতা চলছে—এমন এলাকা এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত গণমাধ্যম পর্যবেক্ষণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নয়াদিল্লি থেকে জারি করা পৃথক এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ না করার জন্য আবারও দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ৫ জানুয়ারি জারি করা আগের সতর্কবার্তার কথাও উল্লেখ করা হয়, যেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের সব সময় পাসপোর্ট ও পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত নথি সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস। জরুরি সহায়তার জন্য একাধিক হেল্পলাইন নম্বর ও একটি সরকারি ই-মেইল ঠিকানাও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, এখনো যারা নিবন্ধন করেননি, তাদের এমইএ-এর অনলাইন নিবন্ধন পোর্টালে দ্রুত নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট ও ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। অনেক এলাকায় এসব বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ সহিংসতার নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
ইরানে বর্তমানে কতজন ভারতীয় নাগরিক অবস্থান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করা হলেও শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী ও স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার।
এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

