দীর্ঘ রাজনৈতিক বিরতির অবসান ঘটিয়ে প্রায় ২৩ বছর পর নোয়াখালী সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি নোয়াখালীতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরে অংশ নেবেন তিনি। এর আগে সর্বশেষ ২০০৩ সালে নির্বাচনী সফরের অংশ হিসেবে নোয়াখালী গিয়েছিলেন তারেক রহমান।এই সফরকে কেন্দ্র করে নোয়াখালী জেলা…
দীর্ঘ ২৩ বছর পর নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুতিতে বিএনপি
দীর্ঘ রাজনৈতিক বিরতির অবসান ঘটিয়ে প্রায় ২৩ বছর পর নোয়াখালী সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি নোয়াখালীতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরে অংশ নেবেন তিনি। এর আগে সর্বশেষ ২০০৩ সালে নির্বাচনী সফরের অংশ হিসেবে নোয়াখালী গিয়েছিলেন তারেক রহমান।
এই সফরকে কেন্দ্র করে নোয়াখালী জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে জেলাজুড়ে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান জানান, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি নির্ধারিত রয়েছে। ওই সফরের অংশ হিসেবেই তিনি একদিন নোয়াখালী সফর করবেন। প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি তার নোয়াখালী আগমনের সম্ভাবনাই বেশি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তারেক রহমানের জনসভা আয়োজনের জন্য নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন সম্পন্ন করেছে। নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নেতাকর্মীদের মধ্যে এই সফর ঘিরে ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ। তিনি বলেন, তারেক রহমানের আগমন নোয়াখালীর রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে। মাঠপর্যায়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতিতে নেমে পড়েছেন। জনসভাকে সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। সেখানে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবেন। পরদিন তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি হবে তারেক রহমানের প্রথম সফর। সিলেট থেকে শুরু করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে তার। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালীতে লাখো মানুষের সমাগম হবে বলে দলের নেতারা আশাবাদী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর তারেক রহমানের এই সফর বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে নোয়াখালী অঞ্চলে এই সফর আগামী দিনের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

