ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত দুজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া শান্তি চায় না—কিয়েভে হামলাই তার স্পষ্ট প্রমাণ। রোববার যুক্তরাষ্ট্র–ইউক্রেনের সম্ভাব্য নতুন শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে এ মন্তব্য করেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে নিজের…
রাশিয়া শান্তি চায় না, কিয়েভে হামলাই প্রমাণ: জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত দুজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া শান্তি চায় না—কিয়েভে হামলাই তার স্পষ্ট প্রমাণ।
রোববার যুক্তরাষ্ট্র–ইউক্রেনের সম্ভাব্য নতুন শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে এ মন্তব্য করেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শান্তির কথা বললেও বাস্তবে রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে।
জেলেনস্কির সঙ্গে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে ট্রাম্পের প্রস্তাবিত নতুন ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দুই নেতা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকেরা পরিকল্পনাটির বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন।
এদিকে ট্রাম্প–জেলেনস্কি বৈঠকের ঠিক আগেই কিয়েভে প্রায় ১০ ঘণ্টাব্যাপী ধারাবাহিক হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় রাজধানীর একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র শীতের মধ্যে রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় ৪০ শতাংশ আবাসিক ভবনের হিটিং সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। ইউক্রেনের উন্নয়নবিষয়ক মন্ত্রী ওলেক্সি কুলেবা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়, ফলে বহু পরিবার তীব্র শীতের মধ্যে গরমের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুলভাবে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে।
বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া কিয়েভের দিকে প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় জ্বালানি ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

