রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে নিউ রানা জুয়েলার্স নামে দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।দোকানমালিকের দাবি, দোকান থেকে প্রায় ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাত ৩টা ২১ মিনিটে ৬ জন…
মোহাম্মদপুরে দোকানভাংচুরে ৭০ ভরি সোনা ও ৬০০ ভরি রুপা চুরি
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে নিউ রানা জুয়েলার্স নামে দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
দোকানমালিকের দাবি, দোকান থেকে প্রায় ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাত ৩টা ২১ মিনিটে ৬ জন দুষ্কৃতী দোকানের শাটার কেটে ভেতরে ঢোকেন। এ সময় গেটের বাইরে দুইজন পাহারায় ছিলেন। বেশির ভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক, কেউ কেউ হুডি দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন। ভেতরে ঢুকে তারা দ্রুত শোকেস থেকে সোনা ও রুপার গয়নার বাক্স নামাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর তারা বের হয়ে যায়।
দোকানমালিক মাসুদ রানা জানান, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন কেচি গেট ও শাটারের তালা ভাঙা, এবং ভিতরে সব জিনিসপত্র ভাঙচুর অবস্থায়। চোরেরা সিন্দুক ও শোকেসে রাখা সব সোনা ও রুপা নিয়ে গেছে।
মাসুদ রানা আরও জানান, চুরির মধ্যে ৫০ ভরি সোনা তাঁর নিজের এবং ২০ ভরি বন্ধক রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং সোনা কেনার রসিদও চোরেরা নিয়ে গেছে। তার হিসাব অনুযায়ী, ৭০ ভরি সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।
ওসি মেজবাহ উদ্দিন বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

