দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই…
দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ল, নতুন রেকর্ড
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার ও ডলারমূল্যের প্রভাবও এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
এর আগে সবশেষ গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।
চলতি বছরে স্বর্ণের দামের ওঠানামা ছিল উল্লেখযোগ্য। এখন পর্যন্ত মোট ৯০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বেড়েছে, আর ২৮ বার দাম কমেছে। তুলনামূলকভাবে, গত বছর মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

