কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে—এমন অভিযোগ উঠে এসেছে। বিষয়টি নিজেই প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি তিন কন্যার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই ইসলামী বক্তা। রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪টা ৩৬…
হত্যার হুমকির মুখে মুফতি আমির হামজা: ‘আমার ৩ শিশু কন্যাকে দেখে রাখবেন’—আকুতির বার্তা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে—এমন অভিযোগ উঠে এসেছে। বিষয়টি নিজেই প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি তিন কন্যার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই ইসলামী বক্তা।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা জানান, শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পোস্টে তিনি লেখেন, তিনি মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকলেও তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় যে ‘ইনসাফ কায়েমের লড়াই’ শুরু হয়েছে, সেটি যেন থেমে না যায়—এমন অনুরোধ জানান তিনি। একই সঙ্গে আবেগঘন ভাষায় বলেন, তার তিন শিশু কন্যার দিকে সবাই যেন একটু খেয়াল রাখেন।
এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান, আবার কেউ কেউ সাম্প্রতিক বিতর্ককে এর পেছনের কারণ হিসেবে উল্লেখ করেন।
এর আগে রোববার সকালে কুষ্টিয়ায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বটতৈল মোড় থেকে শুরু হয়ে চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হওয়া ওই মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণির মানুষ, যার মধ্যে নারীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মিছিল থেকে মুফতি আমির হামজার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
প্রতিবাদকারীদের অভিযোগ, একজন আলেম হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। বিশেষ করে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে দাবি করেন তারা।
প্রসঙ্গত, শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া মুফতি আমির হামজার বক্তব্য দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনার পর মুফতি আমির হামজা আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, আলোচিত বক্তব্যটি ২০২৩ সালের একটি পুরোনো বক্তৃতা থেকে নেওয়া। সে সময় একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে ভুল করায় তিনি তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি দুঃখ প্রকাশ করছেন বলে জানান।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পুরোনো বক্তব্যকে নতুন বলে প্রচার করে নির্বাচনকালীন পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কিছু পক্ষ মরহুম ব্যক্তিকেও ব্যবহার করতে দ্বিধা করছে না।
এই পরিস্থিতিতে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। একদিকে হত্যার হুমকি, অন্যদিকে বিতর্কিত বক্তব্য—সব মিলিয়ে মুফতি আমির হামজার নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে দিকেই এখন নজর স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলের।

