ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে রাজধানী কারাকাসে চালানো মার্কিন সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক—উভয়ই রয়েছেন।ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রোববার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি ‘বড় অংশ’…
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত বেড়ে ৮০, কিউবার ৩২ নাগরিক নিহত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে রাজধানী কারাকাসে চালানো মার্কিন সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক—উভয়ই রয়েছেন।
ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রোববার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি ‘বড় অংশ’ নিহত হয়েছে। তবে তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। একই সঙ্গে ভেনেজুয়েলার কর্মকর্তারা অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে।
যদিও এখন পর্যন্ত দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।
এদিকে কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় সামরিক কর্মীসহ তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি সরকারি শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে কিউবার প্রেসিডেন্ট বলেন,
“আমাদের স্বদেশীরা মর্যাদা ও বীরত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। তীব্র প্রতিরোধের পর তারা সরাসরি যুদ্ধে অথবা বোমা হামলার ফলে প্রাণ হারিয়েছে।”
অন্যদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো সহযোগিতা ও প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে নিহত কিউবান নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
একই সঙ্গে তিনি মার্কিন অভিযানের কঠোর সমালোচনা করে এটিকে ‘অপরাধমূলক ও কুখ্যাত’ হামলা হিসেবে বর্ণনা করেন।
এই হামলাকে কেন্দ্র করে লাতিন আমেরিকাজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া বাড়ছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, টিআরটি ওয়ার্ল্ড

