ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া মামদানি নিউইয়র্ক টাইমসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া…
মাদুরো ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলেন মামদানি
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন।
নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া মামদানি নিউইয়র্ক টাইমসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করা কার্যত যুদ্ধের মতো একটি পদক্ষেপ। তাঁর মতে, কোনো স্বাধীন রাষ্ট্রে এ ধরনের সামরিক হস্তক্ষেপ শুধু দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনের ভিত্তিকেও দুর্বল করে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ‘এভাবে প্রকাশ্যভাবে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল ভেনেজুয়েলার জনগণের ওপরই প্রভাব ফেলে না, এর প্রতিক্রিয়া সরাসরি নিউইয়র্কবাসীদের জীবনেও পড়ে। বিশেষ করে নিউইয়র্কে বসবাসকারী হাজারো ভেনেজুয়েলান অভিবাসীর জন্য এটি গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার কারণ।’
তিনি আরও বলেন, ‘নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। আমার প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ নির্দেশনা ও পদক্ষেপ নেবে।’
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অভিযানের মাত্র চার দিন আগেই তিনি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন।
তথ্যসূত্র: ফক্স নিউজ

